চীনের বিরুদ্ধে নিজেদের জাহাজে জলকামান ছোঁড়ার অভিযোগ তুলেছে ফিলিপাইনের কোস্ট গার্ড। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজ চলাচলেও চীন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের একটিতে অবস্থানরত ফিলিপাইনের সেনাদের জন্য সরবরাহ বহনকারী জাহাজে জলকামান ছুড়েছে চীন।
বেইজিংয়ের ‘বিপজ্জনক কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জন্য চীনা ‘মেরিটাইম মিলিশিয়া’কে দায়ী করেছে ওয়াশিংটন।
চীন অবশ্য এ ঘটনায় প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
বেইজিং প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে। এর মধ্যে স্প্র্যাটলিসও রয়েছে। আর এই দক্ষিণ চীন সাগরের আংশিক মালিকানা দাবি করে ফিলিপাইন। এ ছাড়া মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই এবং তাইওয়ানও এ সাগরের মালিকানা দাবি করে।
একটি বিবৃতিতে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানায়, শনিবার ঘটনাটি ঘটেছে। জাহাজগুলো যখন স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় থমাস শোলের দিকে যাচ্ছিল ঠিক তখন হামলাটি হয়।
চীনের পদক্ষেপকে ‘অতিরিক্ত এবং বেআইনি’ বলে বর্ণনা করেছে তারা। বলেছে, আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করেছে বেইজিং।
সূত্র: বিবিসি