চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে ভারতের চন্দ্রযান-৩। সালফার ছাড়া আরও গুরুত্বপূর্ণ উপাদানের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটি মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সোমবার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) জানিয়েছে, চন্দ্রযান-৩ রোভারের লেজার-ইনডুসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি (এলআইবিএস) যন্ত্রটি দক্ষিণ মেরুর চন্দ্রপৃষ্ঠের মৌলিক গঠনের ইন-সিটু পরিমাপ করেছে।
তারা আরও বলেছে, এই ইন-সিটু অস্পষ্টভাবে চাঁদে সালফারের উপস্থিতি নিশ্চিত করে। এছাড়া চন্দ্রপৃষ্ঠে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম এবং টাইটানিয়ামের উপস্থিতি নিশ্চিত করেছে। ম্যাঙ্গানিজ, সিলিকন ও অক্সিজেনের উপস্থিতি দেখা মিলেছে।
ছয় চাকার সৌর-চালিত রোভার প্রজ্ঞান দক্ষিণ মেরুর চারপাশে ঘুরে বেড়াবে। দুই সপ্তাহের আয়ুষ্কালের এই যান চাঁদের ছবি ও বৈজ্ঞানিক তথ্য প্রেরণ করবে। এটি হিমায়িত পানির লবন পরীক্ষা করবে যা ভবিষ্যতে মহাকাশ মিশনে সহায়তা করতে পারে।
ইসরো চেয়ারম্যান এস সোমানাথ বলেন, রোভারটি চাঁদের বায়ুমণ্ডল ও ভূমিকম্পের বিষয়ে গবেষণা তথ্য পাঠাবে। সোমবার রোভারটি ৪ মিটার গর্তে পড়লে পুনরায় চালু করা হয়। এটি এখন নিরাপদে নতুন পথে এগিয়ে যাচ্ছে।
চাঁদের রুক্ষ পথে ঝুঁকি ও ক্ষতি কমতে প্রতি সেকেন্ডে প্রায় ১০ সেন্টিমিটার ধীর গতিতে নিপুণভাবে চলছে।
গত সপ্তাহে প্রথমবার চাঁদ জয় করেছে ভারত। শুধু তাই নয়, চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ভারতই প্রথম। সেই সঙ্গে চাঁদ বিজয়কারী চতুর্থ দেশ হওয়ার গৌরব অর্জন করেছে তারা।