ইন্দোনেশিয়ায় ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটি ছিল ৭.৯ মাত্রার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সুনামির সতর্কতা ঘোষণা করেছেন। বিবিসির খবরে বিষয়টি জানা গেছে।

noname

ইউএসজিএস জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৯ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পটির মূলকেন্দ্র ছিল পাদাং শহর থেকে প্রায় ৮০৮ কিলোমিটার দূরে সমুদ্রে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
বার্তায় সংস্থা এএফপির বরাত দিয়ে স্কাই নিউজ জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৮.২ বলা হয়। পশ্চিম সুমাত্রার পাদাং এলাকায় কয়েক সেকেন্ড শক্তিশালী কম্পন অনুভুত হয়। মানুষ নিজেদের ঘর থেকে বের হয়ে উঁচুস্থানে অবস্থান নেয়। রাস্তাজুড়ে আতঙ্ক ছুটোছুটি শুরু হয়।

এদিকে, অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরও কোকোস ও ক্রিস্টমাস দ্বীপ থেকে দূরে থাকতে নৌ সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় শক্তিশালী ও বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা করা হয়েছে।

এর আগে ২০০৪ সালে ৯.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। বেশির ভাগ মানুষই ছিলেন ইন্দোনেশিয়ার।

/এএ/