চীন ও কোরিয়া উপদ্বীপের মধ্যে অবস্থিত পীতসাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দুইদিন পর আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রবিবার (২৮ জানুয়ারি) বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই ধারাবাহিক হামলায় পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় সকাল আটটায় উত্তর কোরিয়ার সিনপো এলাকায় বেশ কয়েকটি অজ্ঞাত ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে।
জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, এই উৎক্ষেপণের বিষয়টি নিয়ে তদন্ত করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দারা। এছাড়া উত্তর কোরিয়ার গতিবিধি ও কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে অস্ত্র পরীক্ষার মাত্রা বাড়িয়েছে পিয়ংইয়ং। ইতোমধ্যে পানির নিচে পারমাণবিক অস্ত্র এবং কঠিন-জ্বালানিযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাসহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ নয়। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া বলেছে, নতুন প্রজন্মের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পরীক্ষাটি অস্ত্র ব্যবস্থা হালনাগাদ করার প্রক্রিয়া মাত্র। এটি একটি ধারাবাহিক কাজ। তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা উল্লেখ না করে বলেছে, এই পরীক্ষায় প্রতিবেশি দেশের কোনও ক্ষতি হবে না। তাছাড়া এটির সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই।