পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশে একটি স্কুল ভ্যানে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ শিশুসহ ছয়জন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে অ্যাটক জেলার একটি গ্রামে শিশুরা স্কুলে যাওয়ার সময় হামলা চালায় বন্দুকধারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ভ্যানের চালককে লক্ষ্য করে গুলি চালালে তিনিও আহত হন।
পুলিশ কর্মকর্তা উসমান হায়দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক তদন্তে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করা হয়েছে।
তবে পুলিশ সন্ত্রাসবাদের সম্ভাবনা খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি।
হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
অ্যাটক জেলা পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিম থেকে খুব বেশি দূরে নয়, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েছে।
২০১৪ সালে উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি সামরিক স্কুলে হামলা চালিয়ে প্রায় ১৫০ শিশুকে হত্যা করেছিল তালেবান বন্দুকধারীরা।