রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মঙ্গোলিয়ায় রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন। যদিও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আইসিসির সদস্য হওয়ার পরও মঙ্গোলিয়া এই পরোয়ানা কার্যকর না করায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।
আইন অনুযায়ী, আইসিসির সদস্য হিসেবে মঙ্গোলিয়ার উচিত ছিল পুতিনকে গ্রেফতার করা। তবে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের আহ্বান সত্ত্বেও মঙ্গোলিয়া এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, পুতিনের এই সফর নিয়ে তাদের কোনও উদ্বেগ নেই।
২০২৩ সালের মার্চে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেনের দখলীকৃত অঞ্চল থেকে শিশুদের রাশিয়ায় জোরপূর্বক স্থানান্তর ও অপহরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
এখনও পর্যন্ত মঙ্গোলিয়া পুতিনকে গ্রেফতারের কোনও উদ্যোগ নেয়নি। এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, মঙ্গোলিয়া এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে আইসিসি আইনগত ব্যবস্থা নিতে পারে।
আইন গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক তামাস হফম্যান পলিটিকোকে বলেন, সহযোগিতার দায়িত্ব লঙ্ঘনের জন্য মঙ্গোলিয়াকে আইসিসি অবশ্যই অভিযুক্ত করবে। এরপর আইসিসি সম্মেলনে এই বিষয়টি উত্থাপন করতে পারে, যেখানে মঙ্গোলিয়ার এই লঙ্ঘনের নিন্দা জানানো হতে পারে। তবে এর ফলে কোনও গুরুতর পরিণতি। তবে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা খুব কম।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। গণহত্যাসহ মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তিনি অভিযুক্ত ছিলেন। দুই বছর পর আইসিসি দক্ষিণ আফ্রিকার এই ব্যর্থতার কথা উল্লেখ করলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করেনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গোলিয়ার নির্বাহী পরিচালক আলতানতুয়া বাটডর্জ বলেছেন, আন্তর্জাতিক বিচারের পলাতক একজনকে আশ্রয় দেওয়া শুধু বিচার ব্যাহত করা নয়, এটি মঙ্গোলিয়াকে আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর ক্ষেত্রে দোষী হিসেবে উপস্থাপন করবে।
মঙ্গোলিয়া আকারে ইউরোপের প্রায় অর্ধেক হলেও জনসংখ্যা মাত্র ৩.৪ মিলিয়ন। দেশটির রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। শুধু রাশিয়া ও চীনের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।
রুশ প্রেসিডেন্টের এই সফরের বিষয়ে আইসিসি এখনও কোনও মন্তব্য করেনি।