পাকিস্তানে পোলিও টিকা কর্মীদের ওপর হামলা, নিহত ২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক পোলিও টিকাদান টিমের ওপর হামলায় একজন টিকা কর্মী ও তাকে পাহারা দেওয়া এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বাজিকিস্তানের আদিবাসী জেলা বাজাউরের একটি এলাকায় এই হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, টিকাদান কর্মসূচির সময় অজ্ঞাত বন্দুকধারীরা পোলিও দলের ওপর গুলি চালায়।

এই হামলাটি পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। সোমবার দেশটির সর্বশেষ পোলিও নির্মূল অভিযান শুরু হয়েছে।

হামলার দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে অতীতে ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলো পোলিও টিকাদান দলগুলোর ওপর এমন হামলার দায় স্বীকার করেছিল। তারা অপপ্রচার চালিয়ে দাবি করে আসছে যে, পোলিও টিকাদান অভিযানের মাধ্যমে শিশুদের বন্ধ্যাত্বকরণের ষড়যন্ত্র করা হচ্ছে।

সরকারের সর্বশেষ এই পোলিও টিকাদান অভিযানের লক্ষ্য ৩ কোটি শিশুকে টিকা দেওয়া। যা এই সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছিল।

বিশ্বে পাকিস্তান ও আফগানিস্তানই একমাত্র দুটি দেশ, যেখানে এখনও পোলিও নির্মূল করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় পুলিশ ইউনিয়ন তাদের এক সহকর্মীর হত্যার পর বাজাউর জেলায় কর্মবিরতি ও টিকাদান অভিযানের নিরাপত্তার দায়িত্ব বর্জনের ঘোষণা দিয়েছে।