পশ্চিমবঙ্গের গঙ্গায় ডুবলো বাংলাদেশি কার্গো

পশ্চিমবঙ্গের গঙ্গায় ডুবলো বাংলাদেশি জাহাজ। জানা গেছে, পশ্চিমবঙ্গের ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিয়ে দেশে ফিরছিল বাংলাদেশি কার্গো জাহাজ এমভি বছিরউদ্দিন কাজি। সেই সময় বাঁশবেড়িয়ার গঙ্গায় ডুবতে শুরু করে সেটি। এরপরই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের ক্রুরা। এদিকে জাহাজের কর্মীরা আপাতত নিরাপদেই আছেন বলে জানা গেছে। 

সেই ডুবন্ত জাহাজ উদ্ধারে হাত লাগিয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসন। এই দুর্ঘটনা প্রসঙ্গে বাংলাদেশি জাহাজের ক্রু সদস্যরা দাবি করেন, জাহাজের নিচ থেকে হঠাৎ করেই বিকট একটি আওয়াজ পাওয়া যায়। এরপরই ধীরে ধীরে দেখা যায় জাহাজটি পানিতে ডুবতে শুরু করেছে। এই আবহে একদিকে হেলে পড়ে জাহাজটি। প্রায় অর্ধেকের বেশি সেটি পানির তলায় চলে যায়। পানির ওপরে ছিল চালকের কেবিনের অংশটি। তখন জাহাজের কর্মীরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। তখন তাদের উদ্ধার করা হয়।

এদিকে জাহাজটিকে উদ্ধারের কাজ শুরু হয়। জাহাজে থাকা পুরো ছাই খালি করা হচ্ছে। সন্দেশখালি থেকে বেশ কয়েকজন শ্রমিক সেখানে গিয়েছেন। তারাই জাহাজ থেকে ছাই ফেলার কাজ শুরু করেছেন। জাহাজ থেকে ছাই ফেলা শেষ হলে জাহাজটির ওজন কমবে। তবে ছাই খালি করতে এক সপ্তাহ লাগবে। তখন শুরু হবে মেরামতির কাজ। জাহাজে ঢুকে পড়া পানি কিছুটা কমলে সেটি ফের পানির ওপর জেগে উঠতে শুরু করে।