নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে জেন-জি বিক্ষোভকারীদের ঐক্যে ফাটল

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভে নেপালের সরকারকে ক্ষমতাচ্যুত করা জেন-জি বিক্ষোভকারীরা এখন দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব নির্বাচন নিয়ে বিভক্ত। এর ফলে নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা এখনও কাটেনি।

মঙ্গলবার নেপালে সাবেক প্রধানমন্ত্রীকে হেনস্তা করা হয়, সাবেক ফার্স্ট লেডির বাড়িতে আগুন দেওয়ায় তিনি দগ্ধ হয়ে মারা যান এবং অর্থমন্ত্রীকে রাস্তায় বিবস্ত্র করে ধাওয়া করে মারধর করা হয়। এসব ঘটনার পরদিন, বুধবার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সেনাবাহিনী সাময়িকভাবে ক্ষমতা গ্রহণ করে।

বুধবার অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচনের সময় বিক্ষোভকারীদের ঐক্যে ফাটল দেখা দিয়েছে। নেপালের সেনাবাহিনীর সদর দফতরের বাইরে একদল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন জানায়। আরেক দল কাঠমান্ডুর মেয়র বালানকে সমর্থন করছিল। নতুন নেতৃত্ব নিয়ে বিতর্কের সময় উভয় দলের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

বুধবার দুপুরে জেন-জিদের প্রতিনিধিরা সুশীলা কির্কির নাম প্রস্তাব করেন। তাদের যুক্তি, সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য একজন সৎ ও আইন মেনে চলা ব্যক্তিত্বের প্রয়োজন। তবে এ ঘোষণার পরপরই এই প্রস্তাবের বিরোধিতায় রাস্তায় নেমে আসে তরুণেরা।

কাঠমান্ডুর সেনা সদর দফতরের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা  দাবি জানান, কাঠমান্ডুর মেয়র বালানকে নেতৃত্বে আনতে হবে।

অন্যদিকে, বালান প্রকাশ্যে সুশীলা কার্কির প্রতি সমর্থন জানিয়েছেন। কিন্তু বিক্ষোভকারীরা কার্কিকে চাইছেন না। তাদের মতে, নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা থেকে আসা উচিত।

সেনা দফতরের জড়ো হওয়া বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের জন্য নাম প্রস্তাবের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। তবে, পছন্দের প্রার্থী নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতবিরোধে গেটের বাইরে চিৎকার ও বিশৃঙ্খলা দেখা দেয়।

এর প্রতিক্রিয়ায়, সেনাবাহিনী সব বিক্ষোভকারীকে প্রাঙ্গণ ত্যাগ করতে বলে এবং পরদিন (বৃহস্পতিবার) সকালে মনোনীত নেতৃত্ব প্রতিনিধির নাম ও ফোন নম্বর নিয়ে ফিরে আসতে নির্দেশ দেয়।

সেনাবাহিনী বলেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি সুশৃঙ্খল আলোচনা নিশ্চিত করতে শুধু একজন অনুমোদিত প্রতিনিধিই নেতৃত্বের প্রস্তাব পেশ করবেন।

নেপাল সেনাবাহিনীর প্রধান অশোক সিগদেল এবং জেন-জি বিক্ষোভকারীদের মধ্যে বৃহস্পতিবার একটি পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

সূত্র: নিউজএইটিন, খবর হাব