পশ্চিমবঙ্গের হাওড়ায় বাংলাদেশি নারীসহ এক দালাল গ্রেফতার

বাংলাদেশি এক নারীকে পাচার করতে গিয়ে পশ্চিমবঙ্গের সিআইডির হাতে একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত চিন্ময় দাস (৫৬) উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, চিন্ময় দাস এক বাংলাদেশি নারীকে হাওড়া স্টেশনের বাইরে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার সময় সিআইডি কর্মকর্তারা তাকে গ্রেফতার করে।

জানা গেছে, বনগাঁর বাসিন্দা চিন্ময় দাস পেশায় জামাকাপড়ের ব্যবসা করতেন। তবে কিছুদিন হলো তিনি বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করা শুরু করেন। দিন কয়েক আগে বনগাঁর টালিখোলার বাসিন্দা আফজলের সঙ্গে তার পরিচয় হয়। সিআইডি সূত্রে খবর, আফজল বনগাঁ সীমান্ত দিয়ে আসা বাংলাদেশি ছেলে অথবা মেয়েকে তার হাতে তুলে দিত। চিন্ময়ের দায়িত্ব ছিল সেই ছেলে বা মেয়েকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। তার বিনিময়ে তিনি এক হাজার টাকা করে পেতেন বলে জানতে পেরেছে সিআইডি।

মঙ্গলবার আফজল তাকে চিরকুটে একটি মোবাইল নম্বর লিখে হাওড়ায় যেতে বলেছিল। চিন্ময় যখন হাওড়া স্টেশনের বাইরে এসে ওই নম্বরে ফোন করেন, তখন সেখানে আগে থেকে উপস্থিত থাকা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চিন্ময় দাসকে বুধবারই হাওড়া আদালতে তোলা হলে বিচারক তার সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এছাড়া পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া ঐ নারী এদিন বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, চিন্ময় দাস মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত।