সিঙ্গাপুর এয়ারশোকে নিজেদের সামরিক ও বিমান খাতের শক্তিমত্তার প্রদর্শনী হিসেবে বেছে নিয়েছে চীন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেইজিংয়ের প্রভাব বিস্তারের যে লক্ষ্য, তার অংশ হিসেবে এবারের আয়োজনে আঞ্চলিক প্রতিনিধিদলগুলোর বিশেষ নজর কেড়েছে দেশটি। বিপরীতে মিত্রদের ওপর শুল্ক আরোপ ও ডোনাল্ড ট্রাম্পের বিচ্ছিন্নতাবাদী নীতির কারণে এই অঞ্চলে ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এশিয়ায় সবচেয়ে বড় এই বিমান প্রদর্শনীতে এবার চীনের যুদ্ধবিমান ও বাণিজ্যিক উড়োজাহাজ নির্মাতাদের বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিমানবাহিনীর অ্যারোবেটিক দল প্রথমবারের মতো তাদের জে-১০সি যুদ্ধবিমানের প্রদর্শনী করেছে। এই বিমানটির রফতানি সংস্করণ জে-১০সিই ২০২৫ সালে পাকিস্তানের হাতে ব্যাপক পরিচিতি পায়, যখন তারা এটি ব্যবহার করে ভারতের ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে।
রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির অ্যারোস্পেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক টিম রবিনসন বলেন, মাঝ আকাশে জ্বালানি ভরে সরাসরি সিঙ্গাপুরে বিমান পাঠিয়ে চীন বার্তা দিচ্ছে যে তাদের শক্তি বহুদূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম।
প্রদর্শনী হলের ভেতরে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলোর স্টলে সবচেয়ে বেশি নজর কেড়েছে জে-৩৫এ স্টিলথ মাল্টিরোল ফাইটার বিমানের ১:২ স্কেল মডেল। বিশেষজ্ঞরা মনে করছেন, যারা মার্কিন এফ-৩৫ বিমান কেনার সামর্থ্য রাখে না বা যাদের কাছে যুক্তরাষ্ট্র এই বিমান বিক্রি নিষিদ্ধ করেছে, তাদের জন্য এটি একটি বড় বিকল্প হিসেবে উপস্থাপন করছে বেইজিং।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা চীনা বুথগুলোতে ভিড় জমিয়েছেন। পশ্চিমা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনা এখন বদলে গেছে। অনেক দেশই মার্কিন অস্ত্রের ওপর একক নির্ভরতা থেকে সরে এসে সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনার কথা ভাবছে।
শুধু সামরিক নয়, বাণিজ্যিক বিমান বাজারেও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে চীন। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোম্যাক তাদের সি৯১৯ ন্যারোবডি জেট প্রদর্শন করেছে এবং ভবিষ্যতে আসতে যাওয়া সি৯২৯ ওয়াইড-বডি জেটের মডেল দেখিয়েছে। মূলত এয়ারবাস ও বোয়িংয়ের একচ্ছত্র আধিপত্য কমাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রাহকদের গুরুত্ব দিচ্ছে তারা। বিশেষ করে ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা এই বিমানের বিষয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।