পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। রবিবার (২৪ মে) কোয়েটা শহরের চমন ফটকের কাছে রেললাইনের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ট্রেনটিতে সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ট্রেনটির আংশিক ক্ষতি হয়েছে। পাশাপাশি আশপাশে পার্ক করে রাখা অন্তত ১০টি যানবাহনও এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।
পাকিস্তানের প্রচার মাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে পাকিস্তানি সামরিক কর্মীদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, পেশোয়ারগামী ট্রেনটি যখন কোয়েটার চমন ফটকের একটি সিগন্যাল অতিক্রম করছিল, ঠিক তখনই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিতে ধাক্কা দেয়, যার ফলে এই বিস্ফোরণটি ঘটে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের জনগণের সংকল্পকে দুর্বল করতে পারবে না।
শাহবাজ শরিফ বলেন, কোয়েটার চমন ফটকের কাছে জঘন্য এই বোমা বিস্ফোরণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, যেখানে নিরীহ মানুষের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছেন।
সূত্র: সিনহুয়া, এএফপি, এআরওয়াই নিউজে, উইয়ন নিউজ