পরমাণু মর্যাদা থেকে পিছু হটবে না উত্তর কোরিয়া: কিমের বোন

উত্তর কোরিয়া কখনোই পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তার মর্যাদা থেকে পিছিয়ে আসবে না এবং কোনও ধরনের হুমকি বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগামী সোমবার উত্তর কোরিয়ায় এক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের একমাত্র আনুষ্ঠানিক চুক্তিভিত্তিক মিত্র পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে দীর্ঘ প্রায় সাত বছরের মধ্যে এটিই হবে শি জিনপিংয়ের প্রথম উত্তর কোরিয়া সফর।

তার এই সফরের আবহেই কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের একটি দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। গত মে মাসের এক শীর্ষ সম্মেলনে শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্য নিশ্চিত করেছেন বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এই দাবি নাকচ করে দিয়ে কিম ইয়ো জং বলেন, তাদের কাছে এই সংক্রান্ত ‘সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য’ রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান কর্তৃক ঘোষিত আত্মরক্ষামূলক পরমাণু যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা ক্রমাগত শক্তিশালী করার নীতিটি একটি অপরিবর্তনীয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত, যা বিনাশর্তে কার্যকর করতে হবে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া একটি নতুন পরমাণু উপাদান উৎপাদন কারখানা উন্মোচন করেছে, যেখানে দেশটির নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ‘পদ্ধতিগত ও ব্যাপক’ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি শি-কিম শীর্ষ বৈঠকের আগে আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করতে এবং পারমাণবিক সক্ষমতা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরতেই উন্মোচন করা হয়েছে।