বেড়াতে গিয়ে ঘুম থেকে উঠে দেখেন স্ত্রীর রক্তাক্ত লাশ

ভারতের উত্তরাখণ্ডের মুসৌরির একটি রিসোর্ট থেকে দিল্লির এক ২৭ বছর বয়সী আইটি পেশাজীবী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম পি রাধা গায়ত্রী। তিনি গুরুগ্রামের একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং দিল্লির পূর্ব কিদওয়াই নগরে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, গায়ত্রী তার স্বামী সৌম্য শ্রীচরণের সঙ্গে মুসৌরিতে ঘুরতে গিয়েছিলেন। তার স্বামীও আইটি খাতের কর্মী, তবে তিনি পুনেতে কর্মরত। গত ১৪ জুন রাতে এই দম্পতি দিল্লির ঋষিকেশ হয়ে টিপরিধারের কিয়ানা হোমস্টে-তে পৌঁছান। রাত সাড়ে ১১টার দিকে তারা ওই হোমস্টের ‘ব্লিস’ নামের একটি রুমে ওঠেন।

স্বামীর দেওয়া জবানবন্দি অনুযায়ী, রাতে তারা দুজনেই মদ্যপান করেছিলেন এবং ভোর সাড়ে ৩টার দিকে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে শ্রীচরণ দেখেন, তার স্ত্রী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন। তার নাক দিয়ে রক্ত ঝরছিল এবং চারপাশে মূত্র ছড়িয়ে ছিল। সোমবার সকালে হোমস্টে থেকে খবর পেয়ে মুসৌরি থানা পুলিশ এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকা ফার্মাসিস্ট পরীক্ষা করে গায়ত্রীকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, রুমের বিছানার চাদরে রক্তের দাগ পাওয়া গেছে। এছাড়া ওই রুম থেকে দুটি খালি মদের বোতল এবং কিছু খাবার উদ্ধার করা হয়েছে।

২০২৫ সালের ৮ নভেম্বর গায়ত্রী ও শ্রীচরণের বিয়ে হয়েছিল। তারা দুজনেই মূলত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা। গায়ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য দেরাদুনের করনেশন হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়াটি প্যানেল চিকিৎসকের মাধ্যমে সম্পন্ন করতে এবং তা ক্যামেরায় ভিডিও করে রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি