বিশ্বের সবচেয়ে পাতলা চকলেট ‘করতেচিয়া’, মুখে দিলেই হাওয়া

চকলেটপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য উদ্ভাবন নিয়ে এসেছে জাপানের টোকিও। দেশটির ম্যাত্তে বোত্তেগা দেল চিওকোলাতো নামের একটি চকলেট শপ তৈরি করেছে বিশ্বের সবচেয়ে পাতলা চকলেট, যার পুরুত্ব মাত্র শূন্য দশমিক শূন্য তিন মিলিমিটার!

 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে টোকিওর আজাবুদাই হিলস গার্ডেন প্লাজায় যাত্রা শুরু করা এই দোকানের সবচেয়ে বিখ্যাত এই ডেজার্টটির নাম দেওয়া হয়েছে ‘করতেচিয়া’। ইতালীয় শব্দ করতেচিয়ার অর্থ ‘গাছের ছাল’। চকলেটের এত পাতলা স্তর তৈরি করা মোটেও সহজ কোনও কাজ নয়, তাই এটিকে প্রকৌশলের এক অনন্য বিস্ময় হিসেবে বর্ণনা করা হচ্ছে। ইতালির ঐতিহ্যবাহী লেয়ার্ড চকলেট থেকে অনুপ্রাণিত হয়ে এক স্থানীয় যন্ত্রপাতি বিশেষজ্ঞের সহায়তায় দীর্ঘ দেড় বছর ধরে একটি বিশেষ কাস্টম মেশিন তৈরি করেন দোকানের প্রতিষ্ঠাতা ম্যাত্তেও সানক্লিক্কা। এই অনন্য মেশিনের সাহায্যেই করতেচিয়ার চকলেট স্তরকে এতটা পাতলা রূপ দেওয়া হয়।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, চকলেটকে এত পাতলা করার কী দরকার? ম্যাত্তেও সানক্লিক্কার মূল ভাবনা ছিল এমন এক চকলেট ডেজার্ট তৈরি করা, যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নজিরবিহীন অনুভূতি দেবে। বলা হয়ে থাকে, চকলেট যখন মুখে গলতে শুরু করে, তখনই এর স্বাদ সবচেয়ে বেশি পাওয়া যায়। করতেচিয়ার মাধ্যমে প্রতি কামড়েই সেই অনবদ্য স্বাদ ও অনুভূতি নিশ্চিত করতে চেয়েছেন তারা।

০.০৩ মিলিমিটারের চকলেট স্তরটিকে পেঁচিয়ে সিলিন্ডার আকৃতির গাছের ছালের মতো রূপ দেওয়া হয়, যা জিভে ছোঁয়া মাত্রই মুহূর্তের মধ্যে গলে যায় এবং এক অভিনব স্বাদ এনে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে করতেচিয়ার এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই এর নকল করার চেষ্টা করেছেন। তবে এখন পর্যন্ত কেউ তা করতে পারেননি। কারণ চকলেট চাপ দেওয়ার জন্য ব্যবহৃত এই বিশেষ মেশিনটি পৃথিবীতে মাত্র একটিই আছে, যা কেবল টোকিওর এই কারখানাতেই রয়েছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল