ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার

খ্যাতনামা ফরাসি-ভারতীয় সিরিয়াল কিলার চার্লস সোভরাজের প্রতারণার কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে গত ৩৬ বছরে ভারতের ৩০০টিরও বেশি বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে জালিয়াতি করেছেন তামিলনাড়ুর এক বৃদ্ধ। অবশেষে ৬৯ বছর বয়সী বিংসন জন নামের এই প্রতারককে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ।

পুলিশ জানায়, বিংসন জন নিজেকে কখনও বিদেশি ট্যুর গাইড, কখনও ইংরেজি শিক্ষক আবার কখনও যোগব্যায়াম ইনস্ট্রাকটর হিসেবে পরিচয় দিয়ে হোটেলের কর্মীদের আস্থা অর্জন করতেন। এরপর জমকালো সুযোগ-সুবিধা উপভোগ করে বিল না দিয়েই চুপচাপ চম্পট দিতেন; এমনকি সুযোগ বুঝে হোটেলের দামি মালামালও চুরি করতেন।

তার এই জালিয়াতির অবসান ঘটে রায়পুরের হায়াত হোটেলের এক অভিযোগের ভিত্তিতে। গত ২৫ জুন তিনি ওই হোটেলে ওঠেন এবং ২৭ জুন সকালে কাউকে না জানিয়ে চলে যান। তিনি ৬৩ হাজার ৭৫৫ রুপির বিল তো দেনইনি, উল্টো হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে নেওয়া ১ লাখ ৪৮ হাজার রুপি মূল্যের একটি ল্যাপটপও চুরি করে নিয়ে যান। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও মোবাইল নম্বরের সূত্র ধরে ভুবনেশ্বর থেকে তাকে গ্রেফতার করে এবং ল্যাপটপটি উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে বিংসন স্বীকার করেন, ১৯৯০ সাল থেকে তিনি দেশের ৩০০টিরও বেশি হোটেলে এভাবে প্রতারণা করেছেন। ইতোমধ্যে দিল্লি, মুম্বাইসহ ভারতের ১০টিরও বেশি রাজ্যে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এই দীর্ঘ অপরাধ জীবনে তিহার জেলসহ বিভিন্ন কারাগারে তিনি ১৫ বছরেরও বেশি সময় কাটিয়েছেন, যেখানে দেশের নামী অপরাধীদের সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠেছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে