চিনে নিন ভারতের ‘সমোসা রাজধানী’

ব্যস্ত বাজার থেকে শুরু করে রাস্তার ধারের চায়ের দোকান, ভারতের সবচেয়ে প্রিয় ও জনপ্রিয় নাশতাগুলোর একটি হলো সমোসা বা শিঙাড়া। বাইরে মুচমুচে আর ভেতরে সুস্বাদু পুরে ঠাসা এই ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডটি পুরো দেশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ। ভারতের প্রায় প্রতিটি শহরেরই নিজস্ব সংস্করণের সমোসা রয়েছে। তবে অতুলনীয় বৈচিত্র্য আর এই নাশতার প্রতি গভীর ভালোবাসার কারণে একটি শহর বাকি সবার চেয়ে আলাদা হয়ে উঠেছে। আর সেটি হলো ভারতের রাজধানী দিল্লি, যা দেশটির ‘সমোসা রাজধানী’ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।

দিল্লির প্রাণবন্ত ও সদা পরিবর্তনশীল খাদ্য সংস্কৃতির সঙ্গে সমোসার সম্পর্ক অত্যন্ত নিবিড়। চাঁদনি চকের ব্যস্ত গলি থেকে শুরু করে পাড়ার মিষ্টির দোকান কিংবা কলেজের ক্যান্টিন; সবখানেই সমোসার জয়জয়কার। চটজলদি সকালের নাশতা, সন্ধ্যার আড্ডা কিংবা যেকোনো উৎসব-অনুষ্ঠানে দিল্লির মানুষের পাতে সমোসা থাকবেই। দিল্লির এই খ্যাতির পেছনে সবচেয়ে বড় কারণ হলো এখানে পাওয়া যাওয়া সমোসার অবিশ্বাস্য রকম বৈচিত্র্য। প্রথাগত স্বাদের পাশাপাশি আধুনিক সব ফিউশন এই নাশতাকে এক অনন্য রূপ দিয়েছে।

এখানে ক্লাসিক আলু সমোসা ও বড় আকারের পাঞ্জাবি স্টাইল সমোসার পাশাপাশি পনির, মটর, মসলাদার কিমা এবং উৎসবের জন্য ড্রাই ফ্রুট সমোসা পাওয়া যায়। শুধু তা-ই নয়, আধুনিক ফিউশনের ছোঁয়ায় এখন মিনি ককটেল সমোসা, কর্ন অ্যান্ড চিজ সমোসা, নুডলস পুরে ঠাসা চাওমিন সমোসা, পিজ্জা ও পাস্তা সমোসা এবং এমনকি মিষ্টি স্বাদের চকলেট সমোসাও দেদার বিক্রি হচ্ছে।

স্বাদের দিক থেকে দিল্লির সমোসাগুলো অন্য যেকোনো অঞ্চলের চেয়ে আলাদা ও বিশেষ। এর খাস্তা ও সোনালী রঙের ওপরের আস্তরণ, ভেতরে মসলাদার আলুর পুর, পাঞ্জাবি ঘরানার মসলা এবং সঙ্গে পরিবেশন করা টক-মিষ্টি পুদিনা ও তেঁতুলের চাটনি প্রতি কামড়কে অতুলনীয় করে তোলে। এখানকার প্রতিটি সমোসার আকারও বেশ তৃপ্তিদায়ক।

লক্ষ্ণৌ, ইন্দোর কিংবা জয়পুরের মতো শহরগুলোও তাদের স্ট্রিট ফুড ও সমোসার জন্য বেশ পরিচিত। তবে প্রতিদিনের বিপুল চাহিদা, যুগের পর যুগ ধরে টিকে থাকা ঐতিহ্যবাহী দোকান এবং প্রথাগত স্বাদের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে দিল্লি সবাইকে ছাড়িয়ে গেছে। দিল্লির প্রতিটি বাজারের জনপ্রিয় বিক্রেতাদের নিজস্ব গোপন রেসিপি ও তৈরির শৈলী রয়েছে। চেনা স্বাদ ধরে রাখার পাশাপাশি নতুনত্বকে আপন করে নেওয়ার এই ক্ষমতার কারণেই দিল্লি আজ ভারতের বুক চিরে সগৌরবে ‘সমোসা রাজধানী’র মুকুট ধরে রেখেছে।

সূত্র: এনডিটিভি