মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে (টার্মিনাল-২) নেমেই এখন থেকে পর্যটকেরা উপভোগ করতে পারবেন জম্পেশ এক ডুরিয়ান উৎসব। বিমানবন্দর লাগোয়া শপিং মল গেটওয়ের কেএলআইএ২-তে শুরু হয়েছে ‘যত খুশি তত খাও’ ডুরিয়ান বুফে। জনপ্রতি মাত্র ৯৮ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৪ মার্কিন ডলার) খরচ করেই ১ ঘণ্টা স্থায়ী এই বুফেতে ইচ্ছেমতো ডুরিয়ান খাওয়া যাবে।
কেউ যদি সাধারণ স্বাদের বাইরে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ডুরিয়ান উপভোগ করতে চান, তবে অতিরিক্ত মাত্র ৪০ রিঙ্গিত খরচ করে বিশ্বখ্যাত মুসাং কিং এবং ব্ল্যাক থর্ন জাতের ডুরিয়ানও পরখ করতে পারবেন। ডুরিয়ান ছাড়াও এই বুফেতে থাকছে মালয়েশিয়ার সুগন্ধি হোয়াইট কফি, ডুরিয়ান সুইস রোল এবং ফ্রিজ-ড্রাইড ডুরিয়ানের মতো চমৎকার সব স্থানীয় খাবার ও ডুরিয়ানযুক্ত অন্যান্য মুখরোচক সামগ্রী।
মালয়েশিয়ায় ফলের রাজা ডুরিয়ানের রয়েছে ব্যাপক কদর, বিশেষ করে এর মুসাং কিং জাতটি দেশ-বিদেশে তুমুল জনপ্রিয়। সাধারণত জুন বা জুলাই মাস থেকে শুরু হওয়া ডুরিয়ানের মৌসুমটি সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এই ভরা মৌসুমে পর্যটকদের আকর্ষণ করতে দেশটিতে প্রতি বছরই ডুরিয়ান বুফের আয়োজন করা হয়ে থাকে। মূলত নিজেদের রন্ধনশিল্প ও পর্যটন খাতকে আরও বিশ্বমুখী করতে গত ৭ জুলাই কুয়ালালামপুরে এশিয়ার প্রথম ডুরিয়ান এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে মালয়েশিয়া। এ ছাড়া ২০২৪ সাল থেকে ডুরিয়ান বাগান ঘুরে দেখার পাশাপাশি সেখানে গ্ল্যাম্পিং (বিলাসবহুল ক্যাম্পিং) এবং জঙ্গল ট্রেকিংয়ের সুযোগ দিয়ে বিশেষ ডুরিয়ান ট্যুর প্যাকেজও চালু করেছে দেশটি।
সূত্র: ভিএন এক্সপ্রেস