ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত ২৫ জুলাই আয়োজিত বিহার বন্ধ চলাকালে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে গুলি চালানো সেই পুলিশ কনস্টেবল অভিষেক প্যাটেলকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই কনস্টেবলকে শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়তে দেখা যায়। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে রাজ্যসভার সংসদ সদস্য মনোজ কুমার ঝা ভারতের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ রিট দায়ের করেছেন।
ভিডিওতে নীল হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরা ওই কনস্টেবলকে শিক্ষার্থীদের দিকে তেড়ে যেতে এবং অন্তত এক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। তবে বিভিন্ন সূত্রের দাবি, তিনি অন্তত ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়েছেন। সিওয়ান জেলার পুলিশ সুপার পুরান কুমার ঝা নিশ্চিত করেছেন যে, ভিডিও ভাইরাল হওয়ার পর ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট বিবেক রঞ্জন মৈত্রেয় জানান, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো বা ফাঁকা গুলি বর্ষণের কোনও নির্দেশ ছিল না।
বিক্ষোভ চলাকালীন সিওয়ানে গুলিতে আহত তিন শিক্ষার্থীকে পাটনার জয়প্রভা মেদন্ত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত। আহতদের মধ্যে ১৫ বছর বয়সী মো. আরিফ নামে এক দোকানকর্মী রয়েছে, যার ঘাড়ে গুলি লেগেছিল। তবে সিওয়ানের পুলিশ সুপার দাবি করেছেন যে, গুলিতে কেউ আহত হয়নি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ঘটনাটিকে দিল্লি ও বিহারে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অংশ হিসেবে তুলে ধরেছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষা করা তাদের প্রাথমিক দায়িত্ব হলেও নিয়ম লঙ্ঘনের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে