ভাঙা হাড়ের চিকিৎসায় হাসপাতালে ভর্তি, হৃদযন্ত্রের অস্ত্রোপচারে নারীর মৃত্যু

ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অন্য অঙ্গের অস্ত্রোপচার, এমন এক অবিশ্বাস্য ও মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানার পানিপথে। সড়ক দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে বেসরকারি পার্ক হাসপাতালে ভর্তি হওয়া গুড্ডি দেবী নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বজনদের অভিযোগ, পরিবারকে না জানিয়ে বা কোনও অনুমতি না নিয়েই তার হৃদযন্ত্রে অযাচিত অস্ত্রোপচার (স্টেন্ট বসানো) করেছেন চিকিৎসকেরা।

নিহতের ছেলে কুলদীপের অভিযোগ, গত ২৪ জুলাই হাসপাতালে ভর্তির পরদিন জানানো হয় যে গুড্ডি দেবীর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। এমনকি পরিবারের সই জালিয়াতি করে সম্মতিপত্রে ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।

চিকিৎসকদের অবহেলা, প্রতারণা ও অনাবশ্যক এই অস্ত্রোপচারের কারণেই গুড্ডি দেবির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। স্বজনদের আরও অভিযোগ, মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুললে উল্টো তাদের ভয়ভীতি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনার ভিত্তিতে পানিপথের সেক্টর-২৯ থানা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

তবে এ বিষয়ে পার্ক হাসপাতালের সিইও স্বপ্নার কাছে যোগাযোগ করা হলে তিনি পরে বক্তব্য দেবেন বলে জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে