ভারতের ঐতিহাসিক গুফরান মাআব ইমামবাড়া গোরস্থানে ৮ লাখ রুপি পর্যন্ত মূল্যে কবরের জায়গা বিক্রি করার অভিযোগ উঠেছে লখনউয়ের প্রভাবশালী শিয়া নেতা মাওলানা কালবে জাওয়াদের বিরুদ্ধে। শিয়া কেন্দ্রীয় চাঁদ কমিটির সভাপতি মাওলানা সাইফ আব্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে এই গুরুতর অভিযোগ এনেছেন।
ওয়াকফ পরিচালিত এই গোরস্থানের মুতাওয়াল্লি (তত্ত্বাবধায়ক) কালবে জাওয়াদ। সাইফ আব্বাস দাবি করেন, প্রতি মাসে এখানে অন্তত ১০টি কবর বিক্রি করা হয়, যা থেকে বছরে প্রায় ৯.৬ কোটি রুপি আয় হয়। তবে এই দাবির সপক্ষে তিনি কোনও প্রমাণ দেখাননি। এর আগেও উত্তরপ্রদেশের সাবেক সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহসিন রেজা অভিযোগ করেছিলেন যে প্রধান প্রধান গোরস্থানে প্রায় ৫ লাখ রুপিতে কবর বিক্রি হচ্ছে।
এই নতুন অভিযোগের বিষয়ে কালবে জাওয়াদ এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। জানা গেছে, লখনউয়ের বিখ্যাত টুন্ডে কাবাবি-র ওয়াকফ জমি নিয়ে বিরোধের পর থেকেই এই দুই প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতার সম্পর্কে ফাটল চওড়া হয়।
বিতর্কিত মন্তব্যের জন্য মাওলানা সাইফ আব্বাস আগেও খবরের শিরোনাম হয়েছেন। তিনি ২০১৯-২০ সালে সিএএ-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পুলিশের মামলার মুখোমুখি হন এবং ২০১৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি না দেওয়ার পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। ধর্মীয় প্রতিষ্ঠান ও ওয়াকফ সম্পত্তির পরিচালনা নিয়ে অন্য শিয়া নেতাদের সঙ্গেও তার দ্বন্দ্ব নতুন নয়।
সূত্র: ইন্ডিয়া টুডে