ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (২৬ আগস্ট) জানিয়েছে, ঘটনার সময় পিআইএমএসের নবজাতক ওয়ার্ডে ১৬টি শিশু ছিল। এর মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

হাসপাতাল কর্মকর্তাদের বরাতে জিও নিউজ জানিয়েছে, নবজাতক ওয়ার্ডের ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা শীতলীকরণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে জিও নিউজ।