ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ান প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বেলজিয়ামের বিখ্যাত চকলেট দিয়ে তৈরি একটি অনন্য কূটনৈতিক উপহার নিয়ে ভারতে এসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। দিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেট-এর আদলে তৈরি সেই চকলেট ভাস্কর্যটি কিন্তু শেষ পর্যন্ত মোদির হাতে পৌঁছায়নি, যাত্রাপথেই তা গলে নষ্ট হয়ে গেছে।

বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে রসিকতা করে এই ঘটনার কথা নিজেই প্রকাশ করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। ডি ওয়েভার বলেন, আমি আসলে প্রধানমন্ত্রী মোদিকে এক উপযুক্ত উপহার হিসেবে সেরা বেলজিয়ান চকলেট দিয়ে তৈরি ইন্ডিয়া গেটের একটি ভাস্কর্য দিতে চেয়েছিলাম। কিন্তু আসল ইন্ডিয়া গেট যেমন প্রায় এক শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে, চকলেটের সংস্করণটি ভারতে আসার সফরটুকুই সহ্য করতে পারল না। আমরা লক্ষ্য করলাম, চকলেট কূটনীতির জন্য দারুণ হলেও কূটনৈতিক ভ্রমণের জন্য মোটেই ভালো নয়। তবে চিন্তার কিছু নেই, বেলজিয়ামে আমাদের কাছে একটি ব্যাকআপ আছে এবং যেভাবেই হোক এটি অক্ষত অবস্থায় আমি প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেব।

উপহার হিসেবে ইন্ডিয়া গেট বেছে নেওয়ার পেছনে ভারত ও বেলজিয়ামের যৌথ ইতিহাস ও ভবিষ্যৎ অংশীদারত্বের প্রতীক তুলে ধরা ছিল বলে জানান তিনি। চকলেটের তৈরি সেই ভাস্কর্যে প্রথম বিশ্বযুদ্ধে বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স ফিল্ডসে যুদ্ধ করে প্রাণ উৎসর্গ করা ভারতীয় সেনাদের স্মরণে একটি লেখা খোদাই করা ছিল। বীর সেনাদের স্মরণ করে ডি ওয়েভার বলেন, এক শতাব্দীরও বেশি আগে ভারতীয়রা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বেলজিয়ামের মাটিতে যুদ্ধ করতে এসেছিলেন এবং আমরা তা ভুলিনি।

ডি ওয়েভার ৩ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে দুই দিনের সরকারি সফরে রয়েছেন। বিগত দুই দশকের মধ্যে এটি কোনও বেলজিয়ান প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। গত ২০ বছরে, বিশেষ করে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অভূতপূর্ব পরিবর্তনের প্রশংসা করে তিনি বলেন, এত দীর্ঘ সময় পর আসাটা অনেক বড় বিরতি হয়ে গেছে। এই দুই দশকে ভারতের বিশাল পরিবর্তন হয়েছে।

উপহার ব্যর্থ হলেও প্রধানমন্ত্রী মোদির উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক দ্বিপক্ষীয় আলোচনার জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান।

সূত্র: উইয়ন নিউজ