ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে সোমবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয় জনই শিশু। আগুনে একটি বাজার এবং তার আশপাশের অনেক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সেন্ট্রাল পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে মধ্যরাতের পর এই আগুনের সূত্রপাত ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন খুব দ্রুত আশপাশের একাধিক শপহাউজ ও দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ মুখপাত্র হেনরি জে. মানুরং এক বিবৃতিতে জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা শরীর পুড়ে যাওয়া অবস্থায় ১১টি লাশ উদ্ধার করেন। নিহতদের মধ্যে পাঁচ জন প্রাপ্তবয়স্ক এবং বাকি ছয় জন শিশু, যাদের বয়স ২ থেকে ৯ বছরের মধ্যে।
ফায়ার সার্ভিসের গাড়ি এবং ওয়াটার ক্যানন ব্যবহার করে টানা তিন ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে অন্তত ৪০টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
কর্মকর্তারা জানান, ঘরবাড়ি ও দোকানগুলো একদম পাশাপাশি তৈরি করার কারণে এবং আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।