ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু

ফিলিপাইনের পালাওয়ান উপকূলীয় জলসীমায় একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৬ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কোস্টগার্ড স্থানীয় রেডিওকে জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

ফিলিপাইন কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

ফিলিপাইনের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন ছিলেন। ম্যানিলা বন্দর থেকে পালাওয়ানের কোরন শহরের উদ্দেশে যাত্রা করেছিল ফেরিটি। বারাঙ্গাই মারসিল্লার প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে থাকা অবস্থায় ফেরিটিতে আগুন লাগে।

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোমি কায়াবায়াব স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, উদ্ধার হওয়া ও হতাহতের বর্তমান তথ্য অনুযায়ী ৮৬ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ৪৩ জনের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য বলে জানান তিনি।

৭ হাজার ১০০টি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইনে নৌ দুর্ঘটনা সাধারণ ঘটনা। দ্বীপগুলোর মধ্যে মানুষ ও পণ্য পরিবহনের সস্তা মাধ্যম হিসেবে আন্তঃদ্বীপ ফেরি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিছু দ্বীপে আকাশপথে যাতায়াতের সুযোগ না থাকায় এসব ফেরিই যোগাযোগের অন্যতম মাধ্যম।