পূর্ব চীনের একটি বন্দরে বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের সময় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে জাহাজটিতে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গণমাধ্যমের প্রকাশিত ছবিতে জাহাজটির নাম ‘ওশান মেলোডি’ বলে দেখা গেছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি ১৯০ মিটার দীর্ঘ এবং গত ৩১ আগস্ট কিংদাও বন্দরে পৌঁছেছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, জাহাজ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেলেও তিনি কোনও বিস্ফোরণের শব্দ শোনেননি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপকভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী লি ছিয়াং সম্ভাব্য ‘দ্বিতীয় পর্যায়ের দুর্যোগ’ ঠেকানোর ওপর গুরুত্বারোপ করেন।