স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 

ভারতের রাজস্থানের জয়পুরে এক নৃশংসতার খবর পাওয়া গেছে, যেখানে ঘুমন্ত স্ত্রী ও তিন মেয়েকে মাথায় ইট দিয়ে বারবার আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন, গীতা ঝা (৪০) এবং তার তিন মেয়ে নন্দিনী, গিরিশা ও রাধিকা (যাদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে)। অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল ঝা, যিনি নিহত নারীর স্বামী। নৃশংস এই ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে এই হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। ওই বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। জয়পুরের গোবিন্দপুরা এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে পুলিশ পৌঁছালে সেখানে অভিযুক্ত রাহুলের বৃদ্ধ বাবাকে দেখতে পায়।

পশ্চিম জোনের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) প্রশান্ত কিরণ জানান, পারিবারিক বিবাদের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও, মূল কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ও অন্যান্য আলামত উদ্ধার করেছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র: এনডিটিভি