দীর্ঘদিন ধরে জনসংখ্যা কমলেও জাপানে বাড়ছে শতবর্ষী মানুষের সংখ্যা। প্রথমবারের মতো দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বেড়ে ১ লাখ ৭ হাজার ৬৭৭ হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে প্রায় ৮ হাজার। টানা ৫৬তম বছর দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা বাড়ল। শতবর্ষীদের ৮৮ শতাংশই নারী, এ সংখ্যা ৯৪ হাজার ২৯৮ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেন, এত মানুষ দীর্ঘ সময় সক্রিয় ও সুস্থ জীবনযাপন করছেন এটি আনন্দের বিষয়।
বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু দেশগুলোর একটি জাপান। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির গড় আয়ু ছিল ৮৪ বছর। বিজ্ঞানীরা জাপানিদের দীর্ঘায়ুর পেছনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও উন্নত স্বাস্থ্যসেবাকে অন্যতম কারণ হিসেবে দেখেন। দেশটির অনেক মানুষ জীবনে আনন্দ ও মূল্য খোঁজার ‘ইকিগাই’ দর্শনও অনুসরণ করেন।
জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষদের কয়েকজনও বসবাস করছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কিয়োটোর ১১৪ বছর বয়সী ফুয়ো কিশিমোতো এবং কুমামোতোর ১১২ বছর বয়সী হিকারু কাতো অন্যতম।
তবে দীর্ঘায়ু জনসংখ্যার চাপও বাড়াচ্ছে। বয়স্কদের সেবা ব্যয় বাড়ার পাশাপাশি কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ১২ কোটি ৩০ লাখ জনসংখ্যার জাপানে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় সামগ্রিক জনসংখ্যাও ক্রমাগত কমছে।