জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা

ইন্দোনেশিয়ার জাভা সাগরে জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯ জনের সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধার অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার ভোরে বৈরি আবহাওয়ার মধ্যে ভার্গো ট্রান্সপোর্ট-৮ নামের জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনে ২০ ঘণ্টার যাত্রায় যাত্রী-কেবিন ক্রুসহ ২৪৩ জন ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি হিসাবে ছয়জনের মৃত্যু হয়েছে, ১০৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১২৯ জন। রবিবারের পর থেকে এই সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি।

মা-সহ পরিবারের সাত সদস্যের খবরের অপেক্ষায় থাকা ৩৭ বছর বয়সী ফাউজি বলেন, মানুষের জীবন রক্ষায় উন্নত সামরিক সরঞ্জাম কেনা হলে এখন সেগুলো ব্যবহারের উপযুক্ত সময়। চার দিন ধরে অপেক্ষার পর তার আশা ফুরিয়ে আসছে বলেও জানান তিনি। তার ভাষায়, আমরা খুব বেশি আশা করছি না, শুধু নিশ্চিত তথ্য চাই।

২১ বছর বয়সী মারিয়া ডেথানও তার নিখোঁজ ভাই স্যামুয়েলের খবরের অপেক্ষায় কমান্ড সেন্টারে অবস্থান করছেন। তিনি বলেন, খাবার খেতে বসলেই ভাইয়ের কথা মনে পড়ে, কারণ কয়েক দিন ধরে সে না খেয়ে থাকতে পারে বলে আমার ধারণা। কর্তৃপক্ষের কাছ থেকে ভাইয়ের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়ার অপেক্ষায় আছি।