সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে অডিও বা গান বাজানো এবং সিটে পা রাখার অপরাধে যাত্রীদের এখন থেকে সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৩৯১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ ছাড়া বাসে খাবার খাওয়া, পানীয় পান করা এবং ময়লা ফেলার ওপরও একই ধরনের শাস্তি প্রযোজ্য হবে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সিঙ্গাপুরের ভূমি পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ) নতুন এই বিধিমালার কথা ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস টার্মিনালে অন্য যাত্রীদের যাতায়াতে বাধা সৃষ্টি বা ঝুঁকি তৈরি করা কিংবা বাস ও টার্মিনাল নোংরা করার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
এলটিএ জানিয়েছে, এই নিয়মগুলো সবার জন্য আরও নিরাপদ, বিবেচনাশীল ও আনন্দদায়ক পাবলিক ট্রানজিট পরিবেশ গড়ে তুলবে।
পূর্বে বাস চালকরা নিয়ম ভঙ্গকারীদের নেমে যেতে বলতে পারতেন। তবে এখন থেকে টিকিট পরিদর্শকসহ অনুমোদিত বাস কর্মীরা সরাসরি জরিমানা ও নোটিশ জারি করতে পারবেন। বাস চালকদের নিরাপদে বাস চালানোর কাজে মনোযোগ নিশ্চিত করতে তাদের হাতে জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়নি। তবে কোনও যাত্রী অসদাচরণ বন্ধ না করলে চালক তাকে বাস থেকে নেমে যেতে বলতে পারবেন বা পুলিশের সাহায্য নিতে পারবেন।
যাত্রীদের জন্য সুবান্ধব পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে এলটিএ মন্তব্য করেছে, গণপরিবহন একটি যৌথ সামাজিক স্থান, এবং একটি মার্জিত ও সুন্দর যাতায়াত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীরই ভূমিকা রয়েছে।
সূত্র: বিবিসি