মহরাষ্ট্রে অচেতন অন্তঃসত্ত্বাকে ২৭৫ কিমি দূরে নিয়ে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪

ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে আগুনে পুড়িয়ে হত্যার মর্মান্তিক ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর ধুলে-সোলাপুর মহাসড়কের গরতাড় বাড়ি এলাকার কাছ থেকে ওই নারীর আগুনে পোড়া দেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রায় ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং কারিগরি তথ্য পর্যালোচনার মাধ্যমে সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করে। গাড়িটির সূত্র ধরে অহল্যানগর জেলার জামখেড় এলাকার সপ্তসুর কালচারাল আর্ট সেন্টারে পৌঁছায় পুলিশ।

তদন্তে জানা যায়, নিহত ৩১ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারীর নাম পিংকি হনুমন্ত কটকা। সাংস্কৃতিক কেন্দ্রের অভ্যন্তরীণ একটি বিরোধকে কেন্দ্র করে বিড জেলার কাছে তাকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে পিংকি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা তিনি মারা গেছেন ভেবে লাশ গুম করার ষড়যন্ত্র করে।

এরপর একটি গাড়িতে করে পিংকির দেহ প্রায় ২৭৫ কিলোমিটার দূরে ধুলে জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি নির্জন পাহাড়ি এলাকায় ফেলে তার শরীরের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত চার অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে অপর দুই অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য একাধিক পুলিশ টিম অভিযান চালাচ্ছে।