‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা

ভারতের রাজধানী দিল্লিতে শহরের সবচেয়ে নাদুসনুদুস ও স্থূলকায় কুকুরের মুকুট ছিনিয়ে নিতে শুরু হয়েছে এক অভিনব ও জমজমাট ডিজিটাল প্রতিযোগিতা। ‘ফ্যাট ডগস অব দিল্লি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে এবং আগামী বুধবার এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এক্স-এর নকআউট প্রতিযোগিতার অনুপ্রেরণায় শুরু হওয়া এই আয়োজনে দিল্লির ৬৪টি স্থূল কুকুরকে মনোনীত করা হয়। প্রতিযোগীদের অধিকাংশেরই নির্দিষ্ট কোনো মালিক নেই; বরং তারা স্থানীয় বাসিন্দা, দোকানদার ও কর্মীদের যত্নে রাজপথে বেড়ে ওঠা এলাকাভিত্তিক কুকুর। উত্তর ভারতীয় মুখরোচক খাবারের নামে ‘দহি ভাল্লি’, দেবি-দেবতার নামের অনুকরণে ‘মহাকুট্টেশ্বর’, ‘গুগু’, ‘রামবাবু’ কিংবা ‘কুট্টা সিং’-এর মতো অদ্ভুত সব নামে অভিহিত এসব প্রতিযোগী।

গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই নকআউট ভোটে প্রথম দফায় ৬৪টি কুকুরকে ৩২টি গ্রুপে ভাগ করে অনলাইন ভোটিং পরিচালনা করা হয়। ধাপে ধাপে বাদ পড়ার পর মঙ্গলবার চূড়ান্ত পর্বে উঠে এসেছে সেরা আটটি কুকুর। দিল্লির গণ্ডি পেরিয়ে কেরালা ও কলকাতার বাসিন্দারাও প্রিয় কুকুরের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানার, পোস্টার ও মিম তৈরি করে প্রচার চালাচ্ছেন। আয়োজক বলেন, মানুষের মধ্যে আনন্দের মাধ্যমে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে এটি শুরু করেছিলাম। তবে এটি যে এই পর্যায়ে পৌঁছাবে তা ভাবিনি।

তবে এই প্রতিযোগিতাটি সামাজিক মাধ্যমে সমালোচনার মুখেও পড়েছে। সমালোচকদের মতে, কুকুরের স্থূলতা উদযাপন করার মাধ্যমে তাদের অতিরিক্ত খাবার দেওয়াকে উৎসাহিত করা হচ্ছে, যা প্রাণীদের হৃদরোগ ও আয়ু কমে যাওয়ার মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। যদিও ৪৬ কেজি ওজনের প্রতিযোগী ‘গুগু’-র খাদ্যাভ্যাস বর্তমানে একটি সেবা কেন্দ্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তার ওজন কমানোর চিকিৎসা চলছে।

দিল্লির আনুমানিক ১০ লাখ পথকুকুর নিয়ে যখন কামড়ানো ও জলাতঙ্কের আশঙ্কায় নানা বিতর্ক ও আইনি লড়াই চলছে, ঠিক তখনই এই প্রতিযোগিতাটি পথকুকুরদের প্রতি মানুষের ভালোবাসার দিকটি তুলে ধরেছে। আয়োজকরা জানিয়েছেন, এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পথকুকুরদের কল্যাণমূলক সংস্থাসমূহের জন্য অনুদান সংগ্রহের কাজও শুরু করা হয়েছে। আগামী বুধবার অনলাইন ভোটিংয়ের পাশাপাশি শহরের তিনটি নির্দিষ্ট কেন্দ্রে সরাসরি ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।

সূত্র: বিবিসি