কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪

ভারতের জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক জওয়ানের গুলিতে বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, যিনি একটি কোম্পানির কমান্ডার ছিলেন; সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং এবং দুই কনস্টেবল সঞ্জীব কুমার ও মোহাম্মদ রফিক।

পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মিরের বাসোহলি ও হিমাচল প্রদেশের চাম্বা জেলার মধ্যবর্তী এলাকায় সেওয়া হাইডেল পাওয়ার প্রজেক্টে এ ঘটনা ঘটে। গুলি চালানো সিআইএসএফ সদস্যকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাভি নদীর ওপর নির্মিত চামেরা বাঁধের জম্মু-কাশ্মির অংশে সিআইএসএফের একটি কোম্পানি মোতায়েন ছিল। তবে কী কারণে ওই জওয়ান গুলি চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে বাসোহলি থেকে একটি পুলিশ দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল কাঠুয়া জেলার একেবারে প্রত্যন্ত প্রান্তে হওয়ায় সেখানে পৌঁছাতে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে যেতে হয়।