পূর্ব সাগরে হঠাৎ ‘এক ডজন’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার আলোচনার প্রস্তাব দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজেদের পূর্ব উপকূলে ‘প্রায় এক ডজন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার উনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে তাদের সামরিক বাহিনী। এই জলভাগ জাপান সাগর নামেও পরিচিত।

জেসিএস আরও জানিয়েছে, সম্ভাব্য অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

পৃথক এক বিজ্ঞপ্তিতে জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দেখতে একটি বস্তু ইতোমধ্যে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জাহাজগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উত্তর কোরিয়া সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি নতুন সুনির্দিষ্ট-নির্দেশিত টর্পেডো সিস্টেম এবং একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দুই কোরিয়ার মধ্যে ব্যাপকভাবে সুরক্ষিত সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো।

চলতি মাসের শুরুর দিকে সিউল এবং জাতিসংঘের যৌথ তদন্তে সিদ্ধান্তে আসা হয় যে, প্রায় এক বছর আগে উত্তর কোরিয়া এই ল্যান্ডমাইনগুলো পুঁতেছিল। ঘটনাটিকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে পিয়ংইয়ংকে অভিযুক্ত করে সিউল এবং তাদের পুনরায় সংলাপে ফেরার আহ্বান জানায়।