দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালো চীনের কমিউনিস্ট পার্টি

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ও মূল বিষয়গুলো ব্যাখ্যা করতে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিসির কেন্দ্রীয় কমিটি।

সংবাদ সম্মেলনে চীনের কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের উপসম্পাদক এবং জাতীয় তত্ত্বাবধান কমিশনের উপপরিচালক চাং ফুহাই বলেন, দুর্নীতি করার সাহস না পাওয়া, দুর্নীতি করার সুযোগ না থাকা এবং দুর্নীতির ইচ্ছা না জাগার পরিবেশ; তিনটি বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সার্বিক ও কঠোর দলীয় শাসনের গুরুত্বপূর্ণ কৌশল। এটি দুর্নীতিবিরোধী লড়াইয়ের মৌলিক নীতি।

চাং ফুহাই আরও বলেন, সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে শি জিনপিংকে কেন্দ্র করে গঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পুরো দল দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। সেই সঙ্গে দুর্নীতির সুযোগ বন্ধ করতে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং দুর্নীতি থেকে দূরে থাকার সচেতনতা বাড়িয়েছে। এর ফলে দুর্নীতিবিরোধী লড়াইয়ে বিজয় অর্জিত হয়েছে এবং সেই অর্জন আরও সুসংহত হয়েছে।

তিনি জানান, সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে দেশজুড়ে শৃঙ্খলা পরিদর্শন ও তত্ত্বাবধান সংস্থাগুলো মোট ৮ লাখ ১০ হাজার ৫০০টি দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের মামলা তদন্ত করেছে। এসব মামলায় ৭৯ লাখ ২২ হাজার ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় পর্যায়ের ব্যবস্থাপনার আওতাধীন ৯৬৩ জন কর্মকর্তাও রয়েছেন।

সার্বিক ও কঠোর দলীয় শাসন অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত-এ চীনের বৈশিষ্ট্যসম্পন্ন দুর্নীতিবিরোধী পথ দৃঢ়ভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি