চীনের আপত্তি উপেক্ষা, এফ-১৬ যুদ্ধবিমানের দ্বিতীয় চালান পেলো তাইওয়ান

চীনের কঠোর আপত্তির মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ ব্লক ৭০ মডেলের দ্বিতীয় চালানের তিনটি যুদ্ধবিমান হাতে পেয়েছে তাইওয়ান। রবিবার সকালে যুদ্ধবিমানগুলো দেশটির তাইতুংয়ের চিহাং বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করে বলে সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে জানা গেছে।

গত মঙ্গলবার দক্ষিণ ক্যারোলিনায় অবস্থিত লকিড মার্টিনের কারখানা থেকে বিমানগুলো তাইওয়ানের উদ্দেশে উড়াল দেয়। এর আগে গত মাসে প্রথম চালানের দুটি এফ-১৬ ব্লক ৭০ ফাইটার জেট পেয়েছিল তাইপে। ২০১৯ সালে মার্কিন প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় ৮০০ কোটি ডলার মূল্যের ৬৬টি এফ-১৬ভি ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়।

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরুদ্ধে শুরু থেকেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে চীন। বেইজিং তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ মনে করলেও তাইপে নিজেদের স্বাধীন দাবি করে আসছে।

এ ছাড়া ফিনিক্স রাইজিং কর্মসূচির অধীনে লকিড মার্টিন ও তাইওয়ানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন যৌথভাবে ১৪০টি এফ-১৬এ/বি ফাইটার জেটকে এফ-১৬ভি ব্লক ২০ কনফিগারেশনে উন্নীত করেছে, যার কাজ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি