ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের বিধবা ও বর্তমান ফিলিপাইন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মা ইমেলদা মার্কোসের সঙ্গে দীর্ঘদিনের বন্ধু হিসেবে আবার দেখা করেছেন।

কয়েক দশক আগে নিউইয়র্কে পার্টিতে মিলিত হওয়ার সময় ফিলিপাইনের প্রথম দম্পতির সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়। বুধবার ম্যানিলার মালাকানাং প্রেসিডেন্সিয়াল প্যালেসে সংক্ষিপ্ত এ সাক্ষাৎ হয়। সেখানে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা ও পূর্ণ সামরিক সম্মান দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এশীয় নেতাদের উদ্দেশে বক্তব্যের আগে ট্রাম্প মার্কোস ও তার বাবা-মায়ের প্রশংসা করে বলেন, আমি নিজের বয়স বলতে চাই না, তবে আপনার বাবা-মাকে আমি খুব ভালো করে চিনতাম। তিনি আরও বলেন, মার্কোস জুনিয়রের ভালো জিন আছে।

৯৭ বছর বয়সী ইমেলদা মার্কোস বিলাসী জীবনযাপন ও দামি জুতার বিশাল সংগ্রহের জন্য পরিচিত। তার স্বামী ফার্দিনান্দ মার্কোস ২০ বছরের বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন। তখন বহু ফিলিপিনো দারিদ্র্যের মধ্যে বাস করতেন। ১৯৮৬ সালের পিপল পাওয়ার বিপ্লবে মার্কোস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমেলদা আত্মসাৎ, দুর্নীতি ও কর ফাঁকির একাধিক অভিযোগের মুখে পড়েছেন।

বিশাল প্রাসাদের ভেতরে বৈঠকে বসে ট্রাম্প মার্কোসকে বলেন, দুই দেশের মানুষের মধ্যে অনেক মিল রয়েছে। এ সময় তিনি স্থাপত্যরুচির ওপর জোর দেন। প্রাসাদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আপনি এখানে যা করেছেন, আমার তা ভালো লেগেছে। দারুণ কাজ করেছেন।

মার্কোস জানান, ম্যানিলায় ট্রাম্পের স্বল্প অবস্থানে ম্যানিলার স্বাদ দিতে তিনি ফিলিপাইনের সবচেয়ে বড় দেশীয় ফাস্ট ফুড চেইন জলিবি থেকে খাবার পাঠিয়েছেন।

সূত্র: আল জাজিরা