পুলিশের এনকাউন্টার নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে ‘বাংলাদেশে চলে যাওয়ার’ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেছেন, পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের মতো রাজ্যে পরিণত করা হবে। যাদের বাংলায় বসবাস করতে সমস্যা, তাদের চলে যাওয়া উচিত।
পুলিশের এনকাউন্টার অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দিলীপ ঘোষ একে অপরাধপ্রবণ সমাজকে অপরাধমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। সাংবাদিকদের তিনি বলেন, একসময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। আমরা বাংলাকে উত্তর প্রদেশ ও গুজরাট বানাব। সাহস থাকলে যে কেউ আমাদের থামানোর চেষ্টা করুক। যাদের বাংলায় থাকতে সমস্যা, তারা চলে যান।
সমালোচকদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার কথাও বলেন তিনি। এ ক্ষেত্রে ভিসা লাগবে না বলেও মন্তব্য করেন এই মন্ত্রী।
বিজেপি পশ্চিমবতায় ক্ষমতায় আসার পর গত ছয় মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় পাঁচটি কথিত পুলিশি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে দিলীপ ঘোষের এই বক্তব্য এলো। বিরোধীরা এসব অভিযানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, বিচারবহির্ভূত শক্তি প্রয়োগ বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন করতে পারে।
সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, অপরাধ দমনে সরকারের অবস্থান থেকে সরে আসার কোনো কারণ নেই। তার ভাষায়, প্রয়োজন হলে আরও অনেক কিছু ঘটবে। শুধু এনকাউন্টার নিয়ে কথা হচ্ছে কেন? বুলডোজারও কি ব্যবহার করা হচ্ছে না? সমাজ ও রাজনীতি অপরাধপ্রবণ হয়ে উঠেছে। আইন ও পুলিশ পরিস্থিতি ঠিক করতে কাজ করছে।
বিশ্বের বিভিন্ন দেশ এবং ভারতের একাধিক রাজ্যে এনকাউন্টার হয় উল্লেখ করে তিনি বলেন, যারা পদক্ষেপ নেওয়ার সাহস রাখে না, তারা এ ধরনের ব্যবস্থা নেয় না; বরং অপরাধীদের সঙ্গে সমঝোতা করে। তাদের সরকার এমনটি করবে না।
নারীদের নিরাপত্তার বিষয়টিও পুলিশি অভিযানের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেন মন্ত্রী। বিশেষ করে হিন্দু নারীদের হয়রানি করলে সাম্প্রতিক বীরভূমের এনকাউন্টারের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, কোনও ব্যক্তি যদি হিন্দু মা-বোনদের কুদৃষ্টিতে দেখে, তার পরিণতিও বীরভূমের ঘটনার মতো হবে। ৫০০টি এনকাউন্টার করলেও যথেষ্ট হবে না। তার দাবি, গত ৫০ বছর ধরে গ্রামবাংলায় অপরাধীরা বিনা বাধায় চলাফেরা করেছে। নারীরা বাজারে বা অন্য কোথাও যেতে ভয় পেতেন। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না।
বাংলাকে উত্তর প্রদেশ বা গুজরাটের মতো করার সমালোচনার জবাবে তিনি বলেন, এতে সমস্যা কোথায়? যাদের আপত্তি আছে, তারা বাংলাদেশে চলে যেতে পারেন।
দিলীপ ঘোষের বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিচয় ও বাঙালি স্বাতন্ত্র্য নিয়ে বিতর্ককে নতুন করে সামনে এনেছে। বিজেপিকে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে বহিরাগত শক্তি হিসেবে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের পরও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয় পায় তৃণমূল। সে সময় দলটি বিজেপিকে ‘বাংলাবিরোধী ও বাঙালিবিরোধী’ আখ্যা দিয়ে প্রচার চালায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বাঙালি আঞ্চলিক পরিচয়ের বিষয়টি তাদের প্রচারের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওই নির্বাচনে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে কমে ১২টিতে নেমে আসে।
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করে বিজেপি।
এদিকে এনকাউন্টার নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা করেছেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, এনকাউন্টার বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু ব্যতিক্রমী কোনো ঘটনাকে রাজনৈতিকভাবে সমাজের নিয়মে পরিণত করার চেষ্টা বিপজ্জনক। ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না।
সূত্র: ডেকান হেরাল্ড