যুক্তরাষ্ট্রে চীনা টেলিকম অপারেটরগুলোর সরাসরি মার্কিন ফোন নম্বরে প্রবেশাধিকার বন্ধের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। এ পদক্ষেপে নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে চীন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
রবিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) নিয়ন্ত্রক ক্ষমতার অপব্যবহার করছে এবং জাতীয় নিরাপত্তার ধারণাকে অযৌক্তিকভাবে সম্প্রসারণ করছে। তথ্যপ্রমাণ ছাড়াই চীনা টেলিকম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
গত বৃহস্পতিবার এফসিসি একটি প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট দেয়। এতে চায়না মোবাইল, চায়না টেলিকম ও চায়না ইউনিকমসহ চীনা টেলিকম অপারেটরগুলোর সরাসরি মার্কিন ফোন নম্বরে প্রবেশাধিকার বন্ধের কথা বলা হয়েছে। জাতীয় নিরাপত্তার উদ্বেগকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে কমিশন।
চীনা মুখপাত্র প্রস্তাবিত বিধিনিষেধকে বৈষম্যহীনতা ও অবাধ প্রতিযোগিতার নীতির পরিপন্থী বলে মন্তব্য করেন। তার মতে, এ পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যেরও বিরোধী। পাশাপাশি এটি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে প্রস্তাবিত পদক্ষেপ প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজেদের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বেইজিং।