ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ দুই ডজনের বেশি

ইন্দোনেশিয়ায় সপ্তাহান্তে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যুর খবর সোমবার নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ থাকা প্রায় ৩০ জনের সন্ধানে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ ও ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বান্তেন প্রদেশের চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানার একটি ভবনে শনিবার সন্ধ্যায় এই আগুন লাগে। কর্তৃপক্ষ এখনও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

শ্রম বিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় ২৪ জন মারা গেছেন। নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে মানা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তিনি কারখানাটির প্রধান নির্বাহীকে তলব করবেন বলে জানান। সাইদ আরও জানান, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কারখানাটির মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের শিফটে কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।

বান্তেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, আগুনের অবশিষ্ট উৎস এবং ভবনটির ক্রমবর্ধমান নড়বড়ে কাঠামো উদ্ধারকর্মীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করলেও সোমবার তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি সাংবাদিকদের জানান, ২৯ জন নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত দেহাংশভর্তি ২৪টি মরদেহের ব্যাগ সরিয়ে নিয়েছেন, তবে ঘটনাস্থলে থাকা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেনি বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উদ্ধার হওয়া মরদেহগুলো দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের চেষ্টা চলছে, যে প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।