ভারতের রাজধানী দিল্লিতে কর্মস্থলের সহকর্মীদের দ্বারা ২২ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ; বাকি তিন অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী প্রীত বিহারের সালতানাত ক্যাফে-তে কাজ করেন। অভিযুক্তরাও একই ক্যাফের কর্মী।
সোমবার রাতে ওই ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ভুক্তভোগী তরুণী। রাত সাড়ে ১১টার দিকে ক্যাফেটি বন্ধ হয়ে গেলেও একজনের কাছে চাবি থাকায় তারা ভেতরে অবস্থান করে মদ্যপান ও নাচগান চালিয়ে যান। পরে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে থেকে বের হন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ওই পার্টি চলাকালে দুজন পুরুষ সহকর্মী তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং গ্রুপের অন্য সদস্যরা এই কাজে তাদের সহযোগিতা করেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক বাকি তিন অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।