স্ত্রীদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে দুজনকেই হত্যা, মরদেহ পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় পারিবারিক কলহের জেরে নিজ নিজ স্ত্রীকে হত্যার পর মরদেহ পাশের জেলার জঙ্গলে পুঁতে রাখার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত দুই নারীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়াঝাঁটিতে অতিষ্ঠ হয়ে অভিযুক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গুমলার পুলিশ সুপার হ্যারিস বিন জামা জানান, অভিযুক্ত দুই ভাই হলেন অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর সাহু এবং তার ভাই নবীন সাহু। গত সোমবার তারা তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।

পুলিশ আরও জানিয়েছে, দুই জায়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিয়ে ওই দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে মর্মান্তিক বিষয় হলো, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগেই ওই দুই নারী নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলেছিলেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ সুপার জামা বলেন, মঙ্গলবার ওই দুই ভাই শুরুতে পুলিশকে জানিয়েছিলেন যে তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকেও নিহতদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং তখন সবকিছু স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুঠার এবং মরদেহ বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই ভাইয়ের বাবা-মা সমেশ্বর সাহু ও তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি