পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানকে আটকের দাবি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। দলের এক নেতা দাবি করেছেন, লাহোরের ঠোকার নিয়াজ বেগ এলাকায় তাকে আটক করা হয়েছে। তবে লাহোর পুলিশ এ দাবি অস্বীকার করেছে। করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
জেইউআই-এফের লাহোর শাখার তথ্যবিষয়ক উপপ্রধান হাফিজ জাইন দাবি করেন, দলের প্রধান ফজলুর রহমানকে ঠোকার নিয়াজ বেগের কাছে আটক করা হয়েছে। লাহোরের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) বিলাল সিদ্দিক কামিয়ানা এবং ডিআইজি অপারেশনস ফয়সাল কামরান তাকে আটক করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে এ দাবি নাকচ করে ডিআইজি অপারেশনস বলেন, ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়নি। বরং তিনি বহর নিয়ে নিজের বাসায় ফিরে গেছেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মুলতান রোড ও মোটরওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে লাহোরে ফজলুর রহমানের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল দলটি। এ নিয়ে তার কথিত আটকে রাখার ঘটনার বিরুদ্ধে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয় জেইউআই-এফ। তবে পুলিশ তাকে গ্রেফতার কিংবা আনুষ্ঠানিকভাবে গৃহবন্দি করার কথা অস্বীকার করে।
লাহোর হাইকোর্টে করা আবেদনে আবেদনকারী দাবি করেন, পুলিশ ফজলুর রহমানের বাসভবন ঘিরে রেখেছে এবং তার চলাচল সীমিত করেছে। এর ফলে কার্যত তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজিত সর্বদলীয় সম্মেলনে (এপিসি) ফজলুর রহমানের অংশ নেওয়ার কথা ছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়। আবেদনকারী আদালতের কাছে ফজলুর রহমানকে উদ্ধারের নির্দেশ এবং আবেদনটির জরুরি শুনানির আবেদন জানান।