উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন চালু হওয়া সেতু পেরিয়ে চীনের সীমান্তবর্তী শহর ডানডংয়ে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) কিমের এই সফর এমন সময়ে হলো, যখন দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর এক সপ্তাহও পার হয়নি। সেতুটি নির্মাণ শেষ হওয়ার ১২ বছর পর চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ চীন এবং পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
চীন উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দেশটি উত্তর কোরিয়াকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তাও দিয়ে থাকে। তবে দুই দেশের সম্পর্ক সব সময় মসৃণ ছিল না।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনের শুরুর দিকে নিউ ইয়ালু নদীর ওপর নির্মিত সেতু দিয়ে ডানডংয়ে পৌঁছান কিম।
চার লেনের সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছিল ২০১৪ সালে। তবে উত্তর কোরিয়ার অংশে সংযোগ সড়ক ও শুল্কসংক্রান্ত অবকাঠামোর অভাবে সেতুটি চালু করতে বিলম্ব হয় বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফর করেন কিম জং উন। সে সময় বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও করেন উত্তর কোরীয় নেতা। এরপর গত জুনে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেন শি জিনপিং। তার ওই সফর দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত দেয়।