আত্মীয় কম, অনলাইনে অপরিচিতদের বিয়ের দাওয়াত দিয়ে পেলেন রাজকীয় গাড়ি বহর

বাবা মারা গেছেন শৈশবে। পরে মা আবার বিয়ে করায় বড় ভাইকে নিয়েই কঠিন সময় পার করতে হয়েছে চীনের এক তরুণকে। নানা প্রতিকূলতা পেরিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করার জন্য অর্থও জমিয়েছিলেন তিনি। কিন্তু বিয়েতে উপস্থিত থাকার মতো আত্মীয়স্বজনের সংখ্যা খুবই কম। তাই বিয়ের আনন্দ ভাগ করে নিতে অনলাইনে অপরিচিত মানুষদের দাওয়াত জানান ওই তরুণ। তার সেই আহ্বানে সাড়া দিয়ে হাজির হন অসংখ্য মানুষ। তাদের সম্মিলিত উদ্যোগে স্মরণীয় হয়ে ওঠে বিয়ের আয়োজন।

একটি ভিডিওতে নিজের জীবনের গল্প তুলে ধরেন ওই তরুণ। সেখানে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তার বাবা মারা যান। পরে মা অন্যত্র বিয়ে করলে তিনি ও তার বড় ভাই একে অপরের ভরসা হয়ে ওঠেন।

কঠিন পরিস্থিতির মধ্যেও পরিশ্রম করে অর্থ সঞ্চয় করেন তিনি। সেই অর্থ দিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করার প্রস্তুতি নেন। কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো আত্মীয়স্বজন খুব বেশি না থাকায় বিয়েটি নিরানন্দ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছিলেন। তাই অনলাইনে নেটিজেনদের আমন্ত্রণ জানান। তার এই আহ্বানে দ্রুত সাড়া দেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লেখেন, ‘ভাই, আমরা আসছি!’

তবে অতিথিরা শুধু বিয়ের ভোজে অংশ নিতে আসেননি। তারা সঙ্গে করে নিয়ে আসেন উপহার ও বিয়ের আয়োজনের প্রয়োজনীয় উপকরণ। অনেক রাঁধুনি বিনা পারিশ্রমিকে খাবার তৈরিতে সহায়তা করতে হাজির হন।

কেউ নিয়ে আসেন একাধিক বিয়ের গাড়ি। আবার একজন বর-কনের জন্য একটি মেব্যাক গাড়ির ব্যবস্থাও করেন। অনেকে বিয়ের মোমবাতি নিয়ে আসেন এবং বাড়ি সাজিয়ে দেন। তরুণের আন্তরিকতা আর অপরিচিত মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বিয়ের অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

ভিডিওটি রেডিটে u/Sapphire-Crystal নামের এক ব্যবহারকারী শেয়ার করেন। পোস্টের সঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী, এটি তিন হাজারের বেশি আপভোট পেয়েছে।

ঘটনাটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। বিয়েতে এত মানুষের উপস্থিতি দেখে তরুণটির কেমন অনুভূতি হয়েছিল, তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন কেউ কেউ।

এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, বিয়ের একটি ছোট ভিডিও মাত্র ১৫ মিনিট আগে দেখেছেন তিনি। সেটি দেখে তার চোখে পানি চলে এসেছিল। আরেকজন জানতে চেয়েছেন, এত মানুষের উপস্থিতি দেখে বর কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন? এত বড় আয়োজন হবে, তা কি তিনি আগে থেকে কল্পনা করতে পেরেছিলেন?

সূত্র: এনডিটিভি