‘ক্ষুধার্ত ও গৃহহীন হলে খাবার চুরি অপরাধ নয়’

যদি কেউ সত্যিই ক্ষুধার্ত হয় তখন জীবনধারণের জন্য সামান্য পরিমাণ খাবার চুরি করলে তা অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। এ রায় দিয়েছেন ইতালির সর্বোচ্চ আদালত। দেশটির একটি সুপার মার্কেট থেকে রোমান অস্ত্রিয়াকভ নামে ইউক্রেনিয়ান এক গৃহহীন ব্যক্তি সাড়ে চার ডলার মূল্যের পনির ও সসেজ চুরির অভিযোগে দায়ের মামলার আপিল শুনানি শেষে এই রায় দেন আদালত।

২০১১ সালে জেনোয়া সুপার মার্কেট থেকে খাবার চুরির অপরাধে অস্ত্রিয়াকভকে আটক করা হয়। গেল বছর অস্ত্রিয়াকভকে খাবার চুরির দায়ে অভিযুক্ত করে ছয় মাসের কারাদণ্ড ও একশ ইউরো জরিমানা করা হয়।  আইনজীবীরা যুক্তি দেন, অস্ত্রিয়াকভ চুরি করে পালিয়ে যাওয়ার পর ধরা পড়েননি, তাকে চুরির করার প্রচেষ্টার সময় আটক করা হয়েছে। ফলে তাকে চুরির অপরাধে শাস্তি দেওয়া যাবে না। এই বিবেচনায় মামলাটি সুপ্রিমকোর্ট অব ক্যাসেশানে পাঠানো হয়।

আরও পড়ুন: সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে কড়াকড়ি

বিচারকরা সোমবার তাদের রায়ে বলেন, ইউক্রেন থেকে আসা বাস্তুহারা অস্ত্রিয়াকভ ‘বিপর্যয়ের মুখে দ্রুত ও অপরিহার্য পুষ্টির জন্য’ খাবার চুরিতে ‘বাধ্য’ হয়েছিলেন। সে কারণে এটি অপরাধ হতে পারে না। এই সর্বোচ্চ আদালত কোনও বিশেষ মামলার তথ্য প্রমাণের চেয়েও আইনের ব্যবহারিক প্রয়োগকে প্রাধান্য দেয়। সেখানেই অস্ত্রিয়াকভের ‘খাবার চুরির’ অভিযোগ খারিজ হয়ে যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/