গুলশান হামলা: ইতালির ৯ নাগরিকের মরদেহ শনাক্ত

ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জিন্তিলোনিগুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ইতালির ৯ জন নাগরিক রয়েছেন।  শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জিন্তিলোনি নিহতদের মরদেহ শনাক্ত করেছেন। বার্তা সংস্থা এপিকে  পাওলো জিন্তিলোনি জানান, ঢাকার ওই রেস্টুরেন্টে হামলায় নিহত ইতালির ৯ নাগরিককে শনাক্ত করা হয়েছে।

সাংবাদিকদের পাওলো জিন্তিলোনি বলেন, সেনাবাহিনীর মর্গে রাখা আরও একজনের মরদেহ শনাক্ত করা যায়নি। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার রাতে হামলা চালানোর সময় ওই রেস্টুরেন্টে ১০ জন ইতালির নাগরিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশানসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর শনিবার সকাল সাতটা চল্লিশে শুরু হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। সাড়ে আটটায় অপারেশন সমাপ্ত করা হয়।

অভিযানে ৩ জন বিদেশি যার মধ্যে ১ জন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কার নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর  অভিযানের পর তল্লাশি শেষে আরও ২০ জন বিদেশির মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ৬ সন্ত্রাসীর সবাই নিহত হন।  সূত্র: এপি, নিউ ইয়র্ক টাইমস।

/এসএ/এএ/