বার্সেলোনায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়া জঙ্গির উঠে দাঁড়ানো (ভিডিও)

স্পেনের ক্যামব্রিলস এলাকায় ভুয়া সুইসাইড ভেস্ট পরা এক সন্দেহভাজন জঙ্গিকে গুলি করলে লুটিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরই ওই গুলিবিদ্ধ জঙ্গি উঠে দাঁড়ায় এবং হাসতে থাকে। জঙ্গিকে গুলি করার এই মুহূর্তটি এক প্রত্যক্ষদর্শী ক্যামেরা বন্দি করেছেন।

বার্সেলোনা শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরে সাগরের নিকটবর্তী ক্যামব্রিলস শহরে সন্দেহভাজন ৫টি জঙ্গি পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনার আগে ওই দিন রাতেই একটি গাড়ি পথচারীদের ওপর চালিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১৪ জন নিহত হন।

ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন জঙ্গিকে গুলি করার পর সে লুটিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরই সে উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে। তখন পুলিশ তাকে আবারও গুলি করে।

সন্দেহভাজন এই জঙ্গির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল টি-শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট।

পুলিশ দাবি করেছে, এই পাঁচ জঙ্গিকে হত্যার মধ্য দিয়ে একটি হামলার প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এই ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে হাসপাতালে আহতদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/