ফ্রান্সের ট্রেন স্টেশনে ছুরি নিয়ে হামলা, নিহত ২

ফ্রান্সের মার্সেই শহরের সেন্ট চার্লস স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়েছে। রবিবার এই হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং হামলাকারী এক সেনা সদস্যের গুলিতে নিহত হয়েছে।

__mediaitem98095131

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছে। মার্সেই শহিরের পুলিশ, নগরবাসীকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ।

হামলার পরপরই ফ্রান্সের স্বরাষ্ট্রন্ত্রী গেরার্ড কলম্ব ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানান, সেনা সদস্যের গুলিতে নিহত হওয়ার আগে হামলাকারীর ছুরিকাঘাতে দুই পথচারী নিহত হয়েছেন।
ফ্রান্সের জাতীয় পুলিশ টুইটারে জানিয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে এবং হামলাকারীকে গুলি করে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া স্টেশনটিতে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ হামলাকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে বিবেচনা করছে।

ফ্রান্সের লে মন্ডে পত্রিকাকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছে।

২০১৫ সালের নভেম্বর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। ওই সময় প্যারিসে আইএসের হামলায় ১৩০ জন মানুষ নিহত হয়েছিলেন। গত বছর নিসে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের সময় এক বন্দুকধারী ভারি ট্রাক চালিয়ে দিলে ৮৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।