কাতারের সঙ্গে সামরিক ও পরিবহন চুক্তির দ্বারপ্রান্তে ফ্রান্স

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর এ সপ্তাহের সফরে তুরস্কের সঙ্গে বড় ধরনের সামরিক ও পরিবহন চুক্তি স্বাক্ষর করবে ফ্রান্স। বৃহস্পতিবার এই চুক্তি হতে পারে বলে ফরাসি প্রেসিডেন্টের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

b01e4b1ac1f240c29b5194c25a31eb76_18

খবরে বলা হয়েছে, ফ্রান্সের কাছ থেকে কাতার ১২টি দাসল্ট নির্মিত রাফালে যুদ্ধবিমান কিনতে পারে। এর আগে ২০১৫ সালে ৬০০ কোটি ইউরোতে ২৪টি যুদ্ধবিমান কিনেছিল দোহা। কর্মকর্তারা জানিয়েছেন, এই সপ্তাহেই চুক্তিটি স্বাক্ষর হতে পারে।

ফরাসি প্রতিষ্ঠান নেক্সটারের কাছ থেকে ৩০০ ভিবিসিআই আর্মড যান কেনার বিষয়েও উভয় দেশের মধ্যে আলোচনা চলছে। এছাড়া দোহা মেট্রো ব্যবস্থাপনায় ২০ বছরের জন্য ৩০০ কোটি ইউরোর আরেকটি চুক্তি হতে পারে।

ম্যাক্রোঁর কাতার সফরের আগে সোমবার প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র সাংবাদিকদের জানায়, আলোচনা চলছে। কিছু বলার আগে বৃহস্পতিবার পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই।

কাতারের সঙ্গে ফ্রান্সের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক শক্তিশালী হয়েছে গত কয়েক বছরে। ফ্রান্সে বিনিয়োগ করার জন্য কাতারকে উৎসাহিত করা হচ্ছে। এর মধ্যেই প্রায় ১ হাজার কোটি ডলার ফ্রান্সে বিনিয়োগ করেছে দেশটি। কাতারের বিরুদ্ধে সৌদি আরবসহ কয়েকটি দেশের কূটনৈতিক বিরোধ মীমাংসায় ভূমিকা রাখতে চায় ফ্রান্স। অবরোধের পর থেকেই দোহা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্যের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করে নিজের সামরিক শক্তি বাড়িয়েছে।